শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। বিধায়কদলের বৈঠকের পর শাহ বলেন, ‘‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’’ ২৫ বৈশাখ গঠিত হবে নতুন বিধানসভা। তার আগে প্রথা মেনে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেই কারণেই নিজের হাতে পুরোনো বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। এবার সেই নিয়ে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।
কটাক্ষের সুরে বললেন, "বিধানসভা তো ভাঙারই ছিল। পুরোনো না ভাঙলে নতুন গড়বে কী করে? উনি ভবছেন যে ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ভাঙতে ওঁর সময় লাগবে দুই একদিন। হওয়া দিয়ে যাচ্ছে অনেকে। উনি এখনও হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন, তখন বুঝতে পারবেন পরিস্থিতি। উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনও কাজ ওঁর হাতে থাকবে না।"
জানা গিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে নয়, রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য পরিচালনা করবেন। আর যতদিন না রাইটার্স বিল্ডিং প্রস্তুত হয়, ততদিন পর্যন্ত প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিংয়েই কাজ শুরু করবে মুখ্যমন্ত্রীর সচিবালয়।