৭১ এর মুক্তিযুদ্ধের বীর
শহীদদের শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু নতুন সরকারের
বাংলাদেশের রাজনীতিতে এক
নতুন অধ্যায় শুরু হলো। দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেছেন বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের তৃতীয়
প্রজন্মের হাতে রাষ্ট্রক্ষমতা ন্যস্ত করল জাতি, যা বাংলাদেশে আগে ঘটেনি। তারেক রহমানের
নেতৃত্বে নবগঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভার হাত ধরে আগামীর বাংলাদেশের নতুন পথচলা শুরু
হলো।
বাংলাদেশের নবনির্বাচিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি
তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর
পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
নতুন প্রধানমন্ত্রী তারেক
রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে
একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী
তারেক রহমান। এ ছাড়া মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেছেন। পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী
লিখেছেন,
‘বাংলাদেশের নবনির্বাচিত
প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের
প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১
সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার
যুদ্ধসহ দেশের ইতিহাসে এযাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও
আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
‘আমি এবং আমরা বিশ্বাস
করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ
যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি
আবারও আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।’
বাংলাদেশের নবনির্বাচিত
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়া
ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রতিনিধিরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে
অতিথিরা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।