রাজনীতির ময়দানে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, কিন্তু এবার লড়াইটা হল সম্পূর্ণ অন্য মঞ্চে! জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র বিশেষ রাজনৈতিক পর্বে একসঙ্গে দেখা গেল একাধিক পরিচিত রাজনৈতিক মুখকে।
রাজনীতির ময়দানে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী, কিন্তু এবার লড়াইটা হল সম্পূর্ণ অন্য মঞ্চে! জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)-র বিশেষ রাজনৈতিক পর্বে একসঙ্গে দেখা গেল একাধিক পরিচিত রাজনৈতিক মুখকে। কুইজ, বুদ্ধির খেলা আর উপস্থিত বুদ্ধির পরীক্ষায় জমে উঠল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনার পর মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানে সবাইকে পিছনে ফেলে বিজয়ীর ট্রফি ছিনিয়ে নিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui)।
এই বিশেষ পর্বে নওশাদের পাশাপাশি প্রতিযোগিতায় ছিলেন বিধায়ক সজল ঘোষ, কুনাল ঘোষ, কৌস্তভ বাগচি, মদন মিত্র এবং মোস্তাফিজুর রহমান রানা। রাজনীতির চেনা ছক থেকে বেরিয়ে এদিন তাঁদের দেখা গেল একেবারে অন্য মেজাজে। একের পর এক প্রশ্ন, কুইজের বিভিন্ন রাউন্ড এবং দ্রুত উত্তর দেওয়ার পরীক্ষায় প্রত্যেকেই দেখালেন নিজেদের বুদ্ধি ও উপস্থিত বুদ্ধির ঝলক। ফলে শুরু থেকেই বোঝা যাচ্ছিল, এই লড়াই মোটেই সহজ হতে চলেছে না।
তবে ফাইনাল রাউন্ডে পৌঁছতেই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। নওশাদ সিদ্দিকী এবং সজল ঘোষের মধ্যে ব্যবধান তখন নামমাত্র। কয়েক পয়েন্টের জন্য দু’জনের মধ্যে চলতে থাকে জোরদার টক্কর। কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে তৈরি হয় প্রবল উত্তেজনা। শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে ওঠে শেষ প্রশ্ন।
সঠিক উত্তর দিয়ে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাজিমাত করেন নওশাদ সিদ্দিকী। শেষ প্রশ্নের উত্তরেই কার্যত তাঁর হাতে চলে আসে বিজয়ীর ট্রফি।
নওশাদের এই জয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা অরিত্র দত্ত বনিক। তিনি লেখেন, “দাদাগিরিতে ফাইনাল রাউন্ডে মাত্র কিছু পয়েন্টের ব্যবধান নিয়ে জোরদার টক্কর ছিল বিধায়ক সজল ঘোষ এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর মধ্যে। শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাদাগিরির বিজয়ী ট্রফি তুলে নিলেন সকলের প্রিয় ‘ভাইজান’ নওশাদ সিদ্দিকী।”
অরিত্রর পোস্ট থেকেই স্পষ্ট, শুধু ফাইনাল নয়, গোটা পর্বেই ছিল জমজমাট প্রতিযোগিতা। কুনাল ঘোষ, কৌস্তভ বাগচি, মদন মিত্র এবং মোস্তাফিজুর রহমান রানাও কুইজের প্রতিটি রাউন্ডে একে অপরকে টেক্কা দিয়েছেন। রাজনৈতিক বিতর্কের বাইরে তাঁদের এই বুদ্ধির লড়াই দর্শকদের সামনে তৈরি করেছে একেবারে অন্যরকম এক মুহূর্ত।